admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২০ ৯:১২ অপরাহ্ণ
ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তে সরকার অ্যান্টিবডি টেস্ট কিটের অনুমতি দিলে বাংলাদেশ সারাবিশ্বে নাম করতো বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষার আরটি-পিসিআর পরীক্ষা কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, নিজেদের ওষুধনীতির কারণে বাংলাদেশ সারাবিশ্বে নাম করেছে। করোনাভাইরাস শনাক্তেও যদি সরকার গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত র্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটের অনুমতি দিতো, তাহলে ওষুধ নীতির মতোই আজ বাংলাদেশ সারাবিশ্বে নাম করতো। দেশে করোনা পরীক্ষায় ঘটা বিভিন্ন কেলেঙ্কারির জন্য সরকারকে দায়ী করে তিনি আরো বলেন, করোনা পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বিদেশ যাওয়ার পর প্রবাসীদের কোভিড-১৯ পজিটিভ আসা, দেশে বিভিন্ন হাসপাতালে করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট প্রদান করাসহ বিভিন্ন কেলেঙ্কারির জন্য সরকার দায়ী। এ বৈশ্বিক মহামারি মোকাবেলায় বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ না করে সিদ্ধান্ত গ্রহণ, কোনো কিছু চিন্তা করে পদক্ষেপ নেওয়া ও সরকারের অপরিণামদর্শিতার কারণে আজ দেশের এ অবস্থা।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আরো বলেন, আজ থেকে দুই মাস আগে যখন চীনা প্রতিষ্ঠানগুলো তাদের তৈরি সম্ভাব্য প্রতিষেধকের ট্রায়াল বাংলাদেশে দিতে আগ্রহ প্রকাশ করেছিলো, তখনই তিনি বলেছিলেন এটির অনুমতি দেওয়ার জন্য। কিন্তু সরকার তখন তা করেনি। ওই সময় যদি ট্রায়ালের অনুমতি দেওয়া হতো তাহলে বাংলাদেশের মানুষ অনেক উপকৃত হতো। এ বিষয়ে আমাদের জ্ঞান বৃদ্ধি হতো।
এ সময় তিনি সমাজের বিত্তবান ও ব্যবসায়ীদের গণস্বাস্থ্য কেন্দ্রের দিকে সহযোগিতার হাতি বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা রোগীদের করোনা পরীক্ষার পাশাপাশি এর থেকে পরিত্রাণের বিষয়ে গবেষণা করছি। এ জন্য ইতোমধ্যে ৫০ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে। সর্বোচ্চ মান বজায় রেখেই করোনা পরীক্ষা ও গবেষণা করছে গণস্বাস্থ্য কেন্দ্র। উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অনুজীববিজ্ঞানী অধ্যাপক ডা. বিজন কুমার শীল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ।