admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২০ ১১:৩৯ পূর্বাহ্ণ
চুয়াডাঙ্গায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ৬ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। আজ শনিবার সকাল ৬টার দিকে জেলার সদর উপজেলার সরোজগঞ্জ বাজার এলাকায় চুয়াডাঙ্গা- ঝিনাইদহ সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে রয়েল পরিবহনের যাত্রীবাহী নৈশকোচটি ঢাকা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে আসলে বেপরোয়া বাসটি পেছন থেকে শ্যালোইঞ্জিন চালিত একটি আলমসাধু, একটি নসিমন ও একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুইজন। স্থানীয়রা বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিলে পথে আরো ৪ জন মারা যান।
এ ঘটনায় কমপক্ষে আরো পাঁচজন আহত হয়েছেন। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ জানান, হতাহতরা সবাই আলমসাধু ও নসিমনের যাত্রী ছিলেন। তারা সবাই দিনমজুর।