admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২১ ৭:৫৬ অপরাহ্ণ
চীন ভারত সীমান্তে ট্যাংক পাঠাল। সীমান্ত নিয়ে বিরোধের জেরে গত ১৭ মাস ধরে ভারত ও চীনের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। উত্তেজনা প্রশমনে দেশ দুটি দুই দফা আলোচনায় বসলেও তা কার্যত ব্যর্থ হয়েছে। ফলে আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে লাদাখ সীমান্তে সেনা মোতায়েনের পর এবার ট্যাংক পাঠিয়েছে বেইজিং। চীনা রাষ্ট্রীয় সিসিটিভির বরাত দিয়ে এএফপি এই খবর জানিয়েছে উল্লেখ করে পার্সটুড জানায়, গত সোমববার দুই দেশের কর্মকর্তাদের মধ্যে ১৩তম বৈঠক শেষ হলেও কোনো সিদ্ধান্ত হয়নি।
আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্যাংক পাঠানো হয়। এতে লাদাখ সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সমঝোতা ব্যর্থ হওয়ার জন্য পরস্পরকে দোষারোপ করার মধ্যেই গতকাল দিল্লি জানায়, সীমান্তে স্থাপিত তাদের ক্লোজ সার্কিট ক্যামেরায় লাদাখ সীমান্তে চীনা ট্যাংকের অবস্থান ধরা পড়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ভারতীয় কর্তৃপক্ষ। এর আগে আল জাজিরা জানিয়েছে, সীমান্ত থেকে সেনা অপসারণের বিষয়ে ভারত-চীনের কমান্ডারদের আলোচনা অচলাবস্থার মধ্য দিয়ে শেষ হয়েছে। ফলে দেশ দুটির সেনাদের টানা দ্বিতীয় বছরের মতো লাদাখ এলাকায় অবস্থান করতে যাচ্ছে।
এই অঞ্চলের তাপমাত্রা বেশ কম।এ বিষয়ে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আলোচনায় ভারত গঠনমূলক প্রস্তাব দিলেও তাতে রাজি হয়নি চীন। এমনকি সামনে এগিয়ে যাওয়ার মতো কোনো প্রস্তাবও দেয়নি তারা। পাল্টা বিবৃতিতে চীনের সামরিক এক মুখপাত্র জানান, ভারত অযৌক্তিক ও অবাস্তব দাবিতে অটল থাকায় সমঝোতার প্রক্রিয়া কঠিন হয়ে পড়েছে।
এর আগে গত ৩১ জুলাই শেষবার বৈঠকে বসেছিল চীন-ভারত। দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সীমান্ত উত্তেজনা প্রশমন হয়নি। বরং দিল্লি দাবি করে, পূর্ব লাদাখ থেকে সেনা সরানো হলেও ফের মোতায়েন শুরু করেছে বেইজিং। গেল বছরের ১৫ জুন রাতের আঁধারে লাদাখ সীমান্তে ভারতীয় সেনাদের সঙ্গে চীনা সেনাদের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। তখন ভারতীয় গণমাধ্যম জানায়, তাদের ২০ সেনা নিহত ও ৭৬ জন আহত হয়েছে। এর বিপরীতে মাত্র ৪ চীনা সেনা প্রাণ হারায় বলে জানা গেছে।