admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ জুন, ২০২১ ৭:২০ অপরাহ্ণ
চীন ও ভারতের লাদাখ সীমান্তে চীনা যুদ্ধবিমানের মহড়া, ফের উত্তেজনা। সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। পূর্ব লাদাখের বিপরীতে অবস্থিত তিব্বত সংলগ্ন বিমানঘাঁটি থেকে চীনা বিমানবাহিনীর ২৪টি ফাইটার জেট ওই অঞ্চলে নিয়মিত টহল দিচ্ছে। তবে বসে নেই ভারতও। তারাও এ বিষয়ে যাবতীয় পদক্ষেপসহ ঘটনার ওপর নজর রাখছে। ভারতীয় বিমানবাহিনীর বরাত দিয়ে এমন খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
চীনের ওই অভিযান সম্পূর্ণ প্ররোচনামূলক। সেজন্য ভারতীয় বিমানবাহিনীও এ বিষয়ে পাল্টা তৎপরতা শুরু করেছে। একই সঙ্গে লাদাখ পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখছে নয়াদিল্লি। টাইমস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, মহড়ায় অংশ নেওয়া বিমানের মধ্যে চীনের জে-১১ সিরিজের ফাইটার জেটের সঙ্গে এবার যুক্ত হয়েছে জে-১৬। দেশটির এই দুই সিরিজের যুদ্ধবিমান যৌথভাবে পূর্ব লাদাখ সীমান্তে মহড়া দিচ্ছে। চীনা যুদ্ধবিমানগুলো সীমন্তবর্তী হুটান, গারিগুনসা ও কাশগড়সহ অন্যান্য বিমানঘাঁটি থেকে আকাশে উড়ছে।
তবে হাত গুটিয়ে বসে নেই ভারতও। দেশটির বিমানবাহিনীও পাল্টা জবাব হিসেবে মিগ-২৯, সুখোই এবং মাঝে মধ্যে রাফায়েল যুদ্ধবিমানও উড়াচ্ছে। ভারতের এই পদক্ষেপ চীনকে খানিকটা সতর্কও করেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। উল্লেখ্য, সম্প্রতি দীর্ঘ ১০ মাস ধরে ভারত ও চীনা সেনাবাহিনীর মধ্যে টানাপোড়েনের পর পরিস্থিতি যখন স্বাভাবিক হয়ে আসছে বলে মনে করা হচ্ছিল তখন নতুন করে এই বিমান উড়ানোর ঘটনা ঘটলো। যা নয়া সংঘাতের অবতারণা করতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে।