admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২১ ১০:৩৪ অপরাহ্ণ
চীনের আরো ১০ লাখ ডোজ কোভিড-১৯ প্রতিরোধী টিকা উপহার ঢাকায় এসে পৌঁছেছে। বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়া চীন সরকারের আরো ১০ লাখ ডোজ কোভিড-১৯ প্রতিরোধী টিকা (ভ্যাকসিন) ঢাকায় পৌঁছেছে। টিকা বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।এ নিয়ে চীন সরকারের উপহার দেওয়া মোট ২১ লাখ ডোজ টিকা বাংলাদেশে এসেছে। এর আগে প্রথম দফায় গত ১২ মে মাসে ৫ লাখ এবং ১৩ জুন মাসে দ্বিতীয় দফায় ৬ লাখ মিলে মোট ১১ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে চীন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার। এতে বলা হয়, বিমানের চার্টার্ড ফ্লাইটে চীন থেকে ১০ লাখ টিকা দেশে এসেছে। বিমানের অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার (ফ্লাইট বিজি-৫০৬৫) আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় টিকা ও সিরিঞ্জ নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
এর আগে চার্টার্ড ফ্লাইটটি চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টিকা ও সিরিঞ্জ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। এর ৫৭টি বাক্সে সিনোফার্মের ১০ লাখ ডোজ করোনার টিকা রয়েছে। এ ছাড়া ৩১৩টি কার্টনে রয়েছে ৪ দশমিক ১ টন সিরিঞ্জ। এর আগে আজ শুক্রবার ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান তার ভেরিফাইড ফেসবুক পেজে জানান, ১০ লাখ ডোজ করোনার টিকা চীন থেকে ঢাকায় আসছে। সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে টিকাগুলো।