admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২০ ৫:১৭ অপরাহ্ণ
চীনকে ঠেকানোর কৌশল নির্ধারণে আমেরিকা ও ভারত মরিয়া। চীনকে মোকাবেলা করতে ঐক্যবদ্ধ জোট গঠনের উদ্দেশ্যে ও অঞ্চলিক কৌশলগত সম্পর্ক জোরদার করতে ভারতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার। আজ সোমবার দীর্ঘ পাঁচ দিনের এশিয়া সফরের প্রথম পর্বে তারা নয়াদিল্লিতে অবতরণ করেছেন। এরপর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও সাক্ষাত করেছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সফরকালে আগামীকাল মঙ্গলবার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে একটি যৌথ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাদের সাক্ষাত করার কথা রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, চীনের ক্রমবর্ধমান কার্যক্রমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মিত্র রাষ্ট্রগুলোকে জোরদার করার সর্বশেষ মার্কিন প্রচেষ্টার অংশ হিসেবে এই সফর। এর আগে সম্প্রতি মাইক পম্পেও বলেছিলেন, আসন্ন বৈঠকে চীনা কমিউনিস্ট পার্টির দ্বারা উত্থিত হুমকিকে রোধ করার জন্য কিভাবে অত্র অঞ্চলের রাষ্ট্রগুলো একসঙ্গে কাজ করতে পারে তা নিয়ে আলোচনা হবে।
গত সপ্তাহে ওয়াশিংটন থেকে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষমন্ত্রী মার্ক এসপার বলেন, চীনের স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ রুখতে এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে তাদের শক্তি কিভাবে ক্ষয় করা যায়, তা নিয়ে আলোচনা করবে ভারত-যুক্তরাষ্ট্র। তাছাড়া অত্র অঞ্চলে ভারত ওয়াশিংটনের স্ট্র্যাটেজিক বন্ধু এবং উভয় দেশই সামরিক স্তরে অনেক কিছু বিনিময় করে। ভারতীয় কূটনৈতিক সূত্র বলছে, আসন্ন বৈঠকের পর দুই দেশের মধ্যকার ইনটেলিজেন্স তথ্য শেয়ারিংয়ের ব্যবস্থা হতে পারে। এক্ষেত্রে ভারত ও মার্কিন গোয়েন্দারা নিজেদের মধ্যে তথ্য বিনিময় করবে। এ ছাড়া সামরিক পোশাক এবং সরঞ্জামের ক্ষেত্রেও নতুন করে আলোচনা হবে।
ডয়চে ভেলের খবরে বলা হয়, সাম্প্রতিক সময়ে বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। অন্যদিকে, লাদাখকে কেন্দ্র করে ভারত ও চীনের মধ্যকার সংঘাত লেগেই আছে। চীনারা জানিয়ে দিয়েছে, তারা লাদাখ এবং অরুণাচলকে ভারতের অংশ মনে করে না। আবার কাশ্মির নিয়েও পাকিস্তানের সঙ্গে একজোট হয়েছে তারা। এমন পরিস্থিতিতে চীনকে ব্যাকফুটে ফেলতে নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে হোয়াইট হাউস। চীনকে মোকাবেলা করতে ভারতকে সঙ্গ দিবে বলে সরাসরি ঘোষণা দিয়েছে তারা।