admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২১ ১:২৮ অপরাহ্ণ
গিনেস বুক অব ওয়ার্ল্ডে রানীর মৃত্যুর পর স্বীকৃতি মিলল। গিনেস বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষ থেকে বিশ্বের সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি পেয়েছে ঢাকার আশুলিয়ার চারিগ্রাম এলাকার শিকড় অ্যাগ্রোর রানী। তবে স্বীকৃতি পেলেও রানী আর বেঁচে নেই। সোমবার বিকালে ই-মেইলের মাধ্যমে গিনেস বুক অব ওয়ার্ল্ড কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে। প্রতিষ্ঠানটির মালিক আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। আক্ষেপের সঙ্গে তিনি বলেন, আজকে যদি রানী বেঁচে থাকতো তাহলে দিনটি অনেক আনন্দময় হতো। রানী মারা যাওয়ার পর গিনেজ বুক কর্তৃপক্ষের কাছে তার পোস্টমর্টেম রিপোর্ট পাঠানো হয়েছিল।
তারা মূলত দেখতে চেয়েছিল যে, হরমোন জাতীয় ইনজেকশন পুশ করে গরুটিকে বামন করা হয়েছিল কি না। তবে সে ধরনের কোনো বিষয় তারা পায়নি। তাই ৩ দিন আগেই রানীকে বিশ্বের সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি দেয় তারা। পরে মেইলের মাধ্যমে সোমবার এ সংক্রান্ত একটি সার্টিফিকেট পাঠানো হয়েছে। জানা যায়, নওগাঁ জেলা থেকে প্রায় এক বছর আগে শিকড় অ্যাগ্রো কর্তৃপক্ষ গরুটি সংগ্রহ করেছিল। চলতি বছরের গত ২ জুলাই গিনেজ বুকে নাম লেখানোর জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয় ফার্মটির পক্ষ থেকে।
তবে গত ১৯ আগস্ট পেটে গ্যাস জমে মারা যায় বক্সার ভুট্টি জাতের খর্বাকৃতির গরুটি। ওই সময় সাভার উপজেলার উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মোতালিব এ তথ্য নিশ্চিত করেন। শিকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ফার্ম সূত্রে জানা যায়, দুই দাঁতের বক্সার ভুট্টি জাতের খর্বাকৃতির গরুটির ওজন ছিল ২৬ কেজি, উচ্চতা ২০ ছিল ইঞ্চি। মারা যাওয়ার সময় গরুটির বয়স হয়েছিল দুই বছর। বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে এর আগে গিনেজ বুক অব রেকর্ডে নাম ছিল ভারতের কেরালা রাজ্যের একটি গুরুর। ২৪ ইঞ্চি উচ্চতা এবং ২৬ কেজি ওজনের গরুটির বয়স ছিল ৪ বছর।