ইব্রাহিম আলম সবুজ, কুড়িগ্রাম প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ
কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের কাছে নাজিমখান ইউনিয়নের প্রস্তাবিত কমিটি বাতিলের দাবি জানিয়ে খোলা চিঠি প্রকাশ করেছেন ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) নাজিমখান ইউনিয়নের আহ্বায়ক এম. সাইফুর রহমান মণ্ডল।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশিত ওই খোলা চিঠিতে তিনি অভিযোগ করেন, গত প্রায় দুই বছর ধরে নাজিমখান ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের নিয়ে সংগঠন গড়ে তোলা হলেও সম্প্রতি তাদের অধিকাংশকে বাদ দিয়ে একতরফাভাবে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
চিঠিতে তিনি দাবি করেন, তাদের প্রস্তাবিত ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি উপেক্ষা করে মাত্র তিন দিন আগে সদস্য সংগ্রহের মাধ্যমে ৩১ সদস্যবিশিষ্ট একটি “পকেট কমিটি” গঠন করা হয়েছে। এতে আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
এম. সাইফুর রহমান মণ্ডল খোলা চিঠিতে প্রশ্ন তোলেন, কোন নিয়মে এবং কার নির্দেশে দীর্ঘদিনের সক্রিয় কর্মীদের বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি নতুন কমিটি গঠনের প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলে বিষয়টির সন্তোষজনক ব্যাখ্যা দাবি করেন।
চিঠিতে তিনি অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করে তাদের প্রস্তাবিত ৫১ সদস্যের কমিটি অনুমোদনের আহ্বান জানান। অন্যথায় বঞ্চিত নেতাকর্মীরা তাদের ন্যায্য অধিকার আদায়ে কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও উল্লেখ করেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।