admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২১ ৯:০৪ পূর্বাহ্ণ
কঙ্গোতে মাস্ক না পরায় পুলিশের গুলি, ছাত্র নিহত। বিশ্বব্যাপী চলছে প্রাণঘাতী করোনাভাইরাসের বিপর্যয়। এর সংক্রমণ থেকে বাঁচতে অন্যান্য স্বাস্থ্যবিধির পাশাপাশি মাস্ক পরার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু সরকারের নির্দেশ মেনে সেই মাস্ক না পরায় এক ছাত্রকে সরাসরি গুলি করে হত্যা করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে।বার্তা সংস্থা এএফপি ও স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, দেশটির রাজধানী কিনশাসায় রোববার একটি সড়কের ভিডিও ধারণের সময় এ ঘটনা ঘটে।
প্রথমে ওই শিক্ষার্থীকে মাস্ক পরার নির্দেশ দেয় পুলিশ। তবে তার কাছে মাস্ক থাকলেও তা না পরায় তাকে গুলি করে পুলিশ। তবে পুলিশের গুলিতে নিহত হনোরে শামা নামের ওই শিক্ষার্থীর বন্ধু প্যাটিয়েন্ট ওডিয়া এএফপিকে বলেন, তিনি ইউনিভার্সিটি অব কিনশাসার চারুকলা অনুষদের শিক্ষার্থী ছিলেন। ক্লাসের ব্যবহারিক কাজের অংশ হিসেবে ওই ভিডিও ধারণ করছিলেন তিনি।
তিনি আরো বলেন, এ সময় পুলিশের এক সদস্য তাকে মাস্ক পরার নির্দেশ দেন। তবে এ সময় মাস্ক না পরার ব্যাখ্যা দেন শামা এবং তার কাছে থাকা মাস্কও দেখানো হয় পুলিশকে। কিন্তু ঘুষ দাবি করা পুলিশের এক সদস্য এতে ক্ষুব্ধ হন এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে তাকে সরাসরি গুলি করেন। এ বিষয়ে কিনশাসা পুলিশের প্রধান জেনারেল সিলভানো কাসোঙ্গো ফরাসি বার্তা সংস্থাটিকে বলেন, অভিযুক্ত পুলিশ সদস্য পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান শুরু করেছে শহরের পুলিশ প্রশাসন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের দুই সদস্য এবং স্থানীয় পুলিশ স্টেশনের প্রধানকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
জানা যায়, কঙ্গো সরকার করোনার মহামারি মোকাবেলার অংশ হিসেবে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। এই বিধি লঙ্ঘন করলে ১০ হাজার কঙ্গোলিজ ফ্রাঙ্ক জরিমানার বিধান রয়েছে। এখন পর্যন্ত দেশটিতে ৪৭ হাজার ৭৮৬ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১ হাজারের বেশি মানুষ মারা গেছেন। গত ১০ জুলাই দেশটিতে অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কর্মসূচি শুরু হলেও বর্তমানে তা স্থগিত রয়েছে।