admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ মার্চ, ২০২১ ৮:৩৯ অপরাহ্ণ
রেড্ডিউ নিঙ্গদার, স্টাফ রিপোর্টার ইন্দোনেশিয়াঃ মালয়েশিয়ায় নিযুক্ত উত্তর কোরিয়ার কূটনীতিকরা সপরিবারে নিজ দেশে ফিরে গেছেন। আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেছে কুয়ালালামপুরে থাকা দেশটির দূতাবাসও। অবশ্য মালয়েশিয়ার পক্ষ থেকে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রুশ বার্তা সংস্থা স্পুতনিকের বরাত দিয়ে পার্সটুডে জানায়, গতকাল রোববার রাতে উত্তর কোরীয় কূটনীতিকরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে কুয়ালালামপুর ছাড়েন। দুটি বাসে করে বিমানবন্দরে পৌঁছে চীনগামী একটি ফ্লাইটে ওঠেন তারা।

দেশ দুটির মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হলে গত শুক্রবার কুয়ালালামপুরের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে পিয়ংইয়ং। এরপর কূটনীতিকদের প্রত্যাহারের পাশাপাশি দূতাবাসের পতাকা ও নামফলকও সরিয়ে ফেলা হয়েছে। শুক্রবার এএফপি জানিয়েছিল, উত্তর কোরীয় এক নাগরিককে যুক্তরাষ্ট্রের কাছে সমর্পণের রায় দিয়েছে মালয়েশিয়ার একটি আদালত। তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।
এ ঘটনাকে ক্ষমার অযোগ্য অপরাধ আখ্যা দিয়ে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিঙ্গাপুরে বৈধভাবে ব্যবসা করা তাদের এক নাগরিককে ওয়াশিংটনের কাছে সমর্পণ করেছে মালয়েশিয়া। এটি মার্কিন চাপের মুখে দেশটির অন্ধ আনুগত্য ছাড়া আর কিছু নয়। এর প্রায় ৪ বছর আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎভাইকে নিষিদ্ধ নার্ভ দিয়ে হত্যা করা হয় কুয়ালামপুরে। তখন থেকেই দুই দেশের সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়। পরবর্তীতে কুয়ালালামপুর পিয়ংইংয়ে দূতাবাস খোলার ঘোষণা দিলে সম্পর্ক ফের স্বাভাবিক হয়। কিমের দেশের যতগুলো মিত্র দেশ রয়েছে, তার মধ্যে অন্যতম মালয়েশিয়া।