admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২১ ১১:৫৮ পূর্বাহ্ণ
উ. কোরিয়া নিষিদ্ধ ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করল। সমুদ্রে দুটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার সকালে এ খবর নিশ্চিত করেছে। জাপান বলেছে, অন্তত দুটি নিষিদ্ধ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র সাগরে পরীক্ষা চালিয়েছে তারা। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেছেন, সী অব জাপান, যা ইস্ট কোরিয়া সী বলেও পরিচিত, সেখানে দুইটি ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। জাতিসংঘের প্রস্তাব অনুসারে যা তারা করতে পারে না।
সুগা বলেছেন, এক বছর পর এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। এর ফলে জাপান এবং ওই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী মাসে তার সফরের সময় তিনি বাইডেনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। উত্তর কোরিয়া এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পরই দক্ষিণ কোরিয়া ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক ডেকেছে। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হবে।
সপ্তাহখানেক আগেই উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল। তবে তা ব্যালেস্টিক মিসাইল নয়, ছোট পাল্লার নন-ব্যালেস্টিক মিসাইল। তখন অবশ্য অ্যামেরিকা কোনো প্রতিক্রিয়া জানায়নি। কারণ, নন-ব্যালেস্টিক মিসাইল পরীক্ষার ওপর জাতিসংঘের কোনো নিষেধাজ্ঞা নেই। বাইডেনও তখন বলেছিলেন, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু এবারের পরীক্ষা নিয়ে এই কথা বলা যাচ্ছে না। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র এখন উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু বিষয়ে আলোচনা শুরু করতে চায়। পিয়ংইয়ং বলছে, যুক্তরাষ্ট্র যদি তাদের প্রতি শত্রুতার মনোভাব না ছাড়ে, তাহলে তারা এ নিয়ে আলোচনা করতে চায় না। হোয়াইট হাউস জানিয়েছে, বিষয়টি নিয়ে আগে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা করা হবে। সূত্র: আলজাজিরা