admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ৫:০৯ অপরাহ্ণ
ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলের মার্কিন ঘাঁটিতে দফায় দফায় রকেট হামলা। ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে দফায় দফায় রকেট হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গতকাল সোমবার সকালের এসব হামলায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ডয়চে ভেলে জানায়, প্রাণহারানো ওই ব্যক্তি বিদেশি কন্ট্রাক্টরের জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রকেট ঘাঁটিতে আঘাত না হানলেও এক সেনা ও চার মার্কিন কন্ট্রাক্টর আহত হয়েছেন।
এসব তথ্য নিশ্চিত করে ইরাকে দায়িত্বরত মার্কিন জোটের মুখপাত্র জানান, ইরবিলের ঘাঁটির কাছে আছড়ে পড়েছে একের পর এক রকেট। এতে হতাহতের এ ঘটনা ঘটে। এদিকে, ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির দক্ষিণের কিরকুক এলাকা থেকে কয়েক দফা রকেট ছোঁড়া হয়। এর মধ্যে কয়েকটি শহরতলিতে আঘাত হানলে কয়েকটি গাড়ি ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মার্কিন ঘাঁটিটি ইরবিলের অসামরিক বিমানবন্দরের একেবারে কাছেই অবস্থিত। এই বিমানবন্দরের কাছে আঘাত হেনেছে অন্তত তিনটি রকেট। এর পর বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয়। এ হামলাকে ‘সন্ত্রাসবাদী কাজ’ আখ্যায়িত করে নিন্দা জানিয়েছেন ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ। কুর্দিস্তানের প্রধানমন্ত্রী বারজানিও এর নিন্দা জানান। হামলা দায় এখনো কেউ স্বীকার করেনি।