admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২১ ৯:২৭ পূর্বাহ্ণ
ইউএস-বাংলা এয়ারলাইন্স মালদ্বীপ-সৌদিতে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। এর মধ্যেই মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। বাংলাদেশের প্রথম এয়ারলাইন্স হিসেবে ইউএস-বাংলা দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এ ছাড়া সৌদি আরবেও তারা ফ্লাইট পরিচালনার কথা জানিয়েছে।
ইউএস-বাংলা সূত্রে জানা যায়, ঢাকা-মালে-ঢাকা রুটে আগামী নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি বিমান সংস্থাটি। প্রাথমিকভাবে সপ্তাহে ৪ দিন ফ্লাইট পরিচালনা করবে তারা।
ঢাকা থেকে মালে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা শুরু করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এ ছাড়া খুব শিগগিরই কলম্বো, রিয়াদ, দাম্মাম ও জেদ্দা রুটেও ফ্লাইট শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।