admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২১ ৯:২৯ অপরাহ্ণ
আফগানিস্তানের কাবুলে গুলিবিদ্ধ হয়ে নিহত ১৭, আহত ৪১জন। গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে প্রায় পুরো আফগানিস্তানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান। কিন্তু একমাত্র পঞ্জশিরের নিয়ন্ত্রণ নিতে পারেনি তারা। পরে গতকাল শুক্রবার সেখানেও নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে তালেবান। এর পর শুক্রবার দিবাগত রাতে রাজধানী কাবুলের আকাশে গুলি ছুড়ে উল্লাস করেন তালেবান যোদ্ধারা। এদিকে, তালেবান যোদ্ধাদের এই উল্লাসের বলি হয়েছেন অন্তত ১৭ জন সাধারণ মানুষ।
কারণ আকাশের দিকে গুলি ছুড়ে তাদের উদযাপন করায় এদিন কাবুলে অন্তত ১৭ জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। একই সঙ্গে আহত হয়েছেন কমপক্ষে ৪১ জন। এ বিষয়ে তালেবানের পক্ষ থেকে যোদ্ধাদের প্রতি নির্দেশনা জারি করা হয়েছে। আফগানিস্তানের জনপ্রিয় সংবাদ মাধ্যম টোলো নিউজ এক প্রতিবেদনে আজ শনিবার এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার তালেবানবিরোধীদের সর্বশেষ ঘাঁটি পঞ্জশির প্রদেশেরও নিয়ন্ত্রণ নেয় তারা।
এর পর এদিন দিবাগত রাতে কাবুলের বিভিন্ন স্থানে আকাশের দিকে গুলি ছুড়ে বিজয়োল্লাস করেন তালেবান যোদ্ধারা। এ ঘটনার পর কাবুলের হাসপাতালগুলো ছুটে আসতে থাকে মানুষ। হাসপাতালগুলোর বরাত দিয়ে টোলো নিউজ জানিয়েছে, আহত কমপক্ষে ৪১ জন বিভিন্ন চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া ১৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
এদিকে, এই খবর ছড়িয়ে পড়ায় যোদ্ধাদের গুলি ছুড়ে বিজয়োল্লাস প্রকাশ না করার নির্দেশন দিয়েছেন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। এক টুইট বার্তায় তিনি বলেছেন, গুলি ছুড়ে উল্লাস বন্ধ করুন, বরং বিজয়ের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন। তাছাড়া আপনাদের হাতে যে অস্ত্র ও গোলাবারুদ রয়েছে তা নষ্ট করার অধিকার কারও নেই।