admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২১ ৯:৪৫ অপরাহ্ণ
আজ রোববার জেমসকে দেখা মিলল ঢাকার নিম্ন আদালতে। অনেকের কাছে নগর বাউল জেমসের গান বেশ জনপ্রিয় হলেও খুব একটা জনসম্মুখে দেখা যায় না তাকে। হঠাৎ করেই আজ রোববার তার দেখা মিলল ঢাকার নিম্ন আদালতে। জানা গেল- গান কপিরাইট ইস্যুতে একটি মোবাইল অপারেটর কোম্পানির বিরুদ্ধে মামলা করতে এসেছিলেন জেমস। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলা দায়েরের আবেদন করেছিলেন জেমস। অভিযোগ শুনে গুলশান থানায় গিয়ে মামলা করার পরামর্শ দিয়েছেন বিচারক। ফলে মামলা না করেই আদালত ছাড়েন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও জেমসের আইনজীবী তাপস কুমার পাল। তিনি বলেন, বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা করতে চেয়েছিলেন জেমস। এ ক্ষেত্রে থানায় গিয়ে মামলা দায়েরের পরামর্শ দেন আদালত। পুলিশ মামলা না নিলে আদালতে মামলার আবেদন করতে বলা হয়েছে।