admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২১ ৯:২১ পূর্বাহ্ণ
৯ শত বছর আগের ক্রুসেডের তরবারি সাগরের তলদেশে মিলল। ইসরায়েল সংলগ্ন ভূমধ্যসাগরের তলদেশে ক্রুসেডের সময়কার বিশালাকারের একটি তরবারির খোঁজ মিলেছে। এটি ৯০০ বছর আগের বলে জানিয়েছেন দেশটির গবেষকরা। সম্প্রতি সাগরের তলদেশে প্রাচীন এই তরবারির সন্ধান পান শ্লোমি ক্যাটজিন নামে এক ইসরায়েলি ডুবুরি। মার্কিন সিবিএস নিউজ জানায়, ১২ ইঞ্চি হাতলের তলোয়ারটির ব্লেডটি ৩৯ ইঞ্চি লম্বা, যা ক্রুসেডার নাইট যোদ্ধাদের হওয়ার কথা।

তরবারিটি ছাড়াও বেশ কিছু পুরাকীর্তি খুঁজে পেয়েছেন ওই ডুবুরি। এর মধ্যে রয়েছে- পাথর ও ধাতুর তৈরি নোঙ্গর এবং মৃৎপাত্রের টুকরো। গবেষকরা জানান, সমুদ্রের তলদেশে বালির নীচে চাপা পড়েছিল তরবারিটি। এটি আরো চাপা পড়ার আশঙ্কায় উদ্ধার করে তীরে তুলে ইসরায়েলি কর্তৃপক্ষকে জানান ক্যাটজিন। এ ঘটনায় তাকে ‘দায়িত্বশীল নাগরিক’ হিসেবে সম্মাননা দেয়া হয়।
এই তরবারি আবিষ্কারকে বিরল ঘটনা হিসেবে বর্ণনা করেছে ইসরায়েলের আন্টিক অথরিটির (আইএএ) ডাকাত দমন শাখার ইন্সপেক্টর নীর ডিস্টিলফেল্ড। এটি সামুদ্রিক জীব দ্বারা আবৃত অবস্থায় ছিল জানিয়ে তিনি বলেন, উত্তেজনাপূর্ণ এই আবিষ্কার ৯০০ বছর আগে একটি ভিন্ন যুগে নিয়ে যায় সবাইকে। ক্রুসেড বলতে ধর্মযুদ্ধকে বোঝায়, যা ১০৯৫ সালে শুরু হয়ে চলে এক শতাব্দী। সে সময়কার যোদ্ধা বা ক্রুসেডাররা এই ধরনের তরবারি ব্যবহার করতো। ইউরোপীয় খ্রিস্টানরা জেরুজালেমসহ মধ্যপ্রাচ্যের মুসলিমদের পবিত্র ভূমি দখলের চেষ্টা করছিল ওই সময়।