admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ মে, ২০২১ ১১:১৪ অপরাহ্ণ
হামাসের ৬ মাস যুদ্ধের ক্ষেপণাস্ত্র মজুদ, শিগগিরই বড় আঘাত হানতে যাচ্ছে। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ৬ মাস যুদ্ধ চালানোর মতো ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে। আজ শনিবার এ তথ্য জানিয়েছে সংগঠনটির সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসসাম ব্রিগেড। ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন, আল্লাহর সাহায্যে আমারা বিপুল ক্ষেপণাস্ত্র ভান্ডার গড়ে তুলেছি। যা দিয়ে ৬ মাস যুদ্ধ করা যাবে ইসরায়েলের বিরুদ্ধে।
এ সময় তেল আবিবকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিমান থেকে আবাসিক ভবনে বোমা ফেলে ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। এর প্রতিশোধ নিতে ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে। তাদের জন্য বড় ধরনের পরিণতি অপেক্ষা করছে, যা শিগগিরই দেখা যাবে।
এদিন হামাসের ছোড়া রকেট তেল আবিবের একটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে এক ইসরায়েলি নিহত ও আরো কয়েকজন আহত হয়। এ ছাড়া রকেট বিস্ফোরিত হয় তেল আবিবের পার্শ্ববর্তী আরব টাউন ও রিশন লিজন এলাকায়ও। সরায়েলের পক্ষ থেকেে এসব হামলার তথ্য স্বীকার করে ছবিও প্রকাশ করা হয় টুইটারে। তবে তাতে হতাহতের বিষয়ে কিছু জানানো হয়নি। এর কয়েক মিনিট পর আরো বড় হামলা এবং ৬ মাসের যুদ্ধের হুমকি দেয় হামাস।
আজ হামাসের মুখপাত্র ফৌজি বারহুম জানান, দখলদার ইসরায়েলের একক আধিপত্যের যুগ শেষ হয়ে গেছে। এখন তাদের আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিচ্ছে ফিলিস্তিনিরাও। এখন পর্যন্ত যেসব হামলা চালানো হয়েছে, তাতে পুরনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে জানিয়ে হামাস বলেছে, মূল ক্ষেপণাস্ত্র এখনো ব্যবহার করা হয়নি।এক সাক্ষাৎকারে সংগঠনটির রাজনৈতিক শাখার উপ-প্রধান সালেহ আল আরোয়ি আরো বলেন, শত্রুদের বিরুদ্ধে মাসের পর মাস লড়াই চালানোর মতো সক্ষমতা রয়েছে আমাদের।
চলমান সংঘাতে তেল আবিবসহ বিভিন্ন শহরে দুই হাজারের বেশি রকেট-ক্ষেপণাস্ত্র ছুড়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। এতে ডজনখানেক ইসরায়েলি নিহতের পাশাপাশি আহত হয়েছে আরো বেশ কয়েক ডজন। অন্যদিকে, গত কয়েক দিনের ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ৩৯ শিশুসহ ১৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন সহস্রাধিক মানুষ।