admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ মে, ২০২১ ১১:১৫ পূর্বাহ্ণ
বিপাকে যাত্রীরা প্লেন ভাড়ার চেয়ে কোয়ারেন্টাইন খরচ বেশি।করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কোয়ারেন্টাইন ইস্যুতে কঠিন শর্ত জুড়ে দিয়েছে সৌদি আরব। ঢাকা থেকে দেশটির বিভিন্ন শহরে একমুখী যাতায়াতে প্লেন ভাড়া সর্বনিম্ন ৪৫ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫৭ হাজার টাকা। অথচ, সৌদি নির্ধারিত হোটেল গুলোকে কোয়ারেন্টাইন ফি ৬৫ হাজার ৭০০ টাকা! টিকিটির চেয়ে ২০ ভাগ বেশি এই খরচে দিশেহারা যাত্রীরা। বিশেষ করে, শ্রমিকরা এই টাকা পরিশোধ করতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়ছেন। টিকিটের মূল্যের সঙ্গেই কেটে নেওয়া হচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের এই খরচ।
সৌদি সরকারের এমন আচরণকে অমানবিক বলছেন প্রবাসীরা। টাকা পরিশোধ করতে না পারায় সব প্রস্তুতি থাকার পরও গত কয়েকদিনে ৪ শতাধিক যাত্রী সৌদি আরবে যেতে পারেননি। সঙ্কটের এখানেই শেষ নয়। কোয়ারেন্টাইনের জন্য হোটেল বুকিং করতে গিয়ে পড়তে হয় নানা বিড়ম্বনায়। কীভাবে হোটেল বুক করতে হয়, তা স্পষ্টভাবে না জানায় টাকা থাকা সত্ত্বেও অনেকের বিদেশযাত্রা আটকে যাচ্ছে। যে ট্রাভেল এজেন্সি থেকে টিকিট বুক করা হচ্ছে, সেই এজেন্সি থেকে হয়তো হোটেল বুকের দায়িত্ব নেওয়া হচ্ছে না- এমন সমস্যায়ও পড়ছেন অনেকে।
হোটেল বুকিং করতে গিয়ে যে ফরম পূরণ করতে হচ্ছে, সেখানে ত্রুটিপূর্ণ তথ্য দেওয়া কিংবা ভুল করায় বুকিং বাতিল হয়ে যাচ্ছে। এ কারণে শেষ মুহূর্তে আটকে যাচ্ছে সৌদিযাত্রা। এসব ঝামেলা এড়াতে ৫ দিনের (২০-২৪ মে) জন্য সৌদির সব ফ্লাইট বাতিল করেছে বিমান। তবে ফ্লাইট চালুর পর এসব সঙ্কট আরও বাড়বে বলে মনে করছেন অনেকে।