admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৪১ অপরাহ্ণ
সুন্দরবন পূর্ব বন বিভাগ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশের একমাত্র ম্যানগ্রোভ বনাঞ্চল বাগের হাটের শরণখোলা উপজেলার সুন্দরবন পূর্ব বন বিভাগ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় চার শতক বনভূমি পুড়ে গেছে। ইতোমধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে বন বিভাগ। জানা গেছে, আজ সোমবার বেলা ১টার দিকে বনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকায় অগ্নিকাণ্ডের বিষয়টি বনকর্মীদের নজরে আসে এবং বিকেলের মধ্যেই তারা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

অবশ্য স্থানীয় বাসিন্দারা বলছেন, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে আগুন লাগে এবং তারাই প্রথম বনের ভেতরে ধোঁয়া দেখতে পেয়ে বন বিভাগকে জানান। এরপর আগুন নিয়ন্ত্রণে বন বিভাগকে সঙ্গে নিয়ে তারা কাজ শুরু করেন। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শরণখোলা স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, বেলা ৩টার দিকে তারা আগুন লাগার খবর জানতে পারেন। তখন সঙ্গে সঙ্গেই দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হক বলেন, বেলা ১টা থেকে দেড়টার দিকে ধানসাগর টহল ফাঁড়ির পশ্চিমে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ধোঁয়া দেখতে পান তারা। বিকেল সাড়ে ৪টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, এ ঘটনায় ওই এলাকার প্রায় ৪ শতক বনভূমি পুড়ে গেছে। সেখানে বড় কোনো গাছ না থাকলেও ঘাস ও লতাগুল্ম জাতীয় গাছ যা ছিল, সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০১৬-২০১৭ সালেও এখানে বেশ কয়েকবার আগুন লেগেছিল।সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। ঘটনার তদন্তে ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।