admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২১ ১১:৫৪ পূর্বাহ্ণ
সুইডেন ক্লিন এনার্জিতে বিনিয়োগে আগ্রহী বাংলাদেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী পের ওলসন ফ্রিধ। আজ সোমবার এ সাক্ষাৎকালে ক্লিন এনার্জি খাতে নিজ দেশের বিনিয়োগে আগ্রহের কথা জানান তিনি। বিষয়টি নিশ্চিত করে টুইটারে একটি পোস্ট দিয়েছেন সুইডিশ মন্ত্রী পের ওলসন। তাতে তিনি লিখেছেন, আলোচনাটি ছিল গঠনমূলক, খোলামেলা ও সত্যিকারের। সাক্ষাতের সুযোগ দেয়ার পাশাপাশি অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ আলোচনা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব এবং বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেছেন সইডিশ মন্ত্রী। উন্নয়ন প্রচেষ্টায় নিজ দেশের সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তিনি। জলবায়ু পরিবর্তন, তৈরি পোশাক শিল্প, বাণিজ্য ও নারীর ক্ষমতায়ন এবং করোনা সংকট সফলভাবে সামলানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন পের ওলসন ফ্রিধ। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস ও ঢাকায় নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।