admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২১ ১:২৭ অপরাহ্ণ
শ্রীলঙ্কায় বিশ্বের সবচেয়ে বড় রত্ন পাথর পাওয়া গেছে যার দাম ৮৮৪ কোটি টাকা! একজন রত্ন ব্যবসায়ী তার বাড়ির পেছনে শ্রমিকদের দিয়ে কূপ খনন করাচ্ছিলেন। এ সময় শ্রমিকদের কোদালের কোপে পাথরটি শনাক্ত হয়। এলাকাটির নাম রত্নাপুরা। মাটির নিচে রত্ন পাথরের সন্ধানের জন্য বিখ্যাত এ এলাকা। বিশেষজ্ঞরা বলছেন, পাথরটি ‘নীলকান্তমনি’। এর রং নীল। আন্তর্জাতিক মার্কেটে এর দাম হবে প্রায় ১০০ মিলিয়ন ডলার বা ৮৮৪ কোটি টাকা। পাথরটির ওজন ২.৫ মিলিয়ন ক্যারেট বা ৫১০ কেজি।
পাথরটির মালিক মি. গমেজ বিবিসিকে বলছেন, কূপ খননকারী শ্রমিকরা জানিয়েছিল, মাটির তলে মূল্যবান পাথর পাওয়া যেতে পারে। পরে বিশাল এক পাথর পেয়ে আমরা হতবাক হয়ে গেলাম। তবে তিনি নিজের পুরো নাম প্রকাশ করতে চাননি।
গোমেজ বলছেন, তিনি নিজেও একজন রত্ন ব্যবসায়ী। তার আগের দুই পুরুষেরা একই ব্যবসার সঙ্গে জড়িত। পাথরটির ব্যাপারে তিনি যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছেন। আর এটির ওপর থেকে মাটি-কাদা সরিয়ে ফ্রেশ করতে বছরখানেক সময় লেগে যাবে। পাথরটির ওপর থেকে কিছু পাথর তুলে ফেলতে হবে, তাহলে মূল্যবান পাথরটি দৃষ্টিগোচর হবে।
খবর বলছে, মাটির নিচে বিভিন্ন সময় রত্ন পাথর পাওয়া যায় বলে এলাকাটির নামকরণ করা হয়েছে রত্নপুরা। এলাকাটিকে দক্ষিণ এশিয়ার রত্ন রাজধানীও বলা হয়। অতীতে এখানে অনেক মূল্যবান রত্নপাথরের সন্ধান মিলেছে। বিশ্বের প্রথম সারির যেসব দেশ থেকে নীলকান্তমনি বা নীলা পাথর রপ্তানি করা হয় শ্রীলঙ্কা তাদের মধ্যে একটি। রত্ন পাথর রপ্তানি করে গত বছর শ্রীলঙ্কা ৫০ কোটি বিদেশি মুদ্রা অর্জন করেছে। বিশেষ করে ডায়মন্ড ও স্বর্ণ এর মধ্যে অন্যতম ছিল।
রত্ন পাথর বিশেষজ্ঞ ড. গামিনি জয়সা বলছেন, পাথরটি তৈরি হয়েছিল কমপক্ষে ৪ কোটি বছর আগে। তিনি বলেন, পাথরটির কিছু অংশ মূল্যবান নয়। তবে উপর থেকে কিছু পাথর বাদ দিলে সম্পূর্ণ অংশ অতি মূল্যবান। খবরে বরা হচ্ছে, করোনা মহামারিতে শ্রীলঙ্কার রত্নশিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই মূল্যবান পাথরটির উপস্থিতি আবার ক্রেতা ও বিশেষজ্ঞদের নজর শ্রীলঙ্কার দিকে ঘুরে আসবে। দেশটির ন্যাশনাল জেম অ্যান্ড জুয়েলারি অথরিটির চেয়ারম্যান তিলক বিরাসিংঘি বলছেন, পাথরটি খুবই মূল্যবান ও বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী। সম্ভবত এটা বিশ্বের সবচেয়ে বড় আকারের ‘নীলকান্তমনি’ হবে। আকার ও সাইজের কারণে বেসরকারি ব্যবসায়ী কিংবা মিউজিয়াম কর্তৃপক্ষ এটির প্রতি আকৃষ্ট হবে।