admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২১ ১০:৩৭ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের তেল স্টেশনে হামলার পেছনে। ইরানের তেল স্টেশনে সম্প্রতি যে সাইবার হামলা হয়েছে তার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত থাকতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের একজন জেনারেল। গত মাসের ওই সাইবার হামলার ফলে দেশটির তেল স্টেশনগুলো বন্ধ হয়ে গিয়েছিল। আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল গোলাম রেজা জালালি বলেন, ঘটনাগুলো বিশ্লেষণ করে আমরা দেখতে পেয়েছি, হামলাগুলো একই প্রকৃতির।
এর আগে রেল ও শহীদ রাজাইবন্দরে সাইবার হামলা বিশ্লেষণ করে সেগুলোর সঙ্গে মিল খুঁজে পাওয়া গেছে। যারা এটা করেছে, তারা আমাদের শত্রু। ইরানের পরিবহন মন্ত্রণালয় জানায়, গত জুলাই মাসে চালানো একটি সাইবার হামলায় তাদের রেল ব্যবস্থার কম্পিউটার সিস্টেম ও ওয়েবসাইটের ব্যাপক ক্ষতি হয়। এছাড়া গত বছরের মে মাসে হরমুজ প্রণালীতে ইরানের শাহিদ রাজাইবন্দরে সাইবার হামলা চালায় ইসরায়েল।
সাধারণত ইরানে সরকারের পক্ষ থেকে ভর্তুকি মূল্যে গ্রাহকদের তেল সরবরাহ করা হয়। এজন্য সবাইকে অনলাইনে কার্ডের মাধ্যমে সেবা গ্রহণ করতে হয়। গত মঙ্গলবারের হামলায় ওই সেবাটি স্থগিত হয়ে যায়। এতে কার্ডধারী গ্রাহকরা বিপাকে পড়েন। সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় প্রতিটি স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়। পরে কর্তৃপক্ষ অনলাইনের পরিবর্তে অফ-লাইনে তেল সরবরাহের ব্যবস্থা করে পরিস্থিতি সামাল দেয়।