admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ আগস্ট, ২০২১ ৫:৪৬ অপরাহ্ণ
মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং আনুষ্ঠানিক ভাবে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। মিয়ানমারের সেনাবাহিনী ও জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং আনুষ্ঠানিক ভাবে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। রোববার স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল বা রাষ্ট্রীয় প্রশাসনিক পরিষদের এক বিবৃতিতে তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। মিন অং হ্লাইং এদিন টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে আগামী ২০২৩ সালের আগস্টের মধ্যে বহুদলীয় জাতীয় নির্বাচনের আয়োজনের ঘোষণা দেন।
ক্ষমতা দখলের ৬ মাস পরে এসে রোববার এ ঘোষণা দিলেন তিনি। এক টেলিভিশন ভাষণে মিন অং হ্লাইং বলেন, ২০২৩ সালের আগস্ট নাগাদ জরুরি অবস্থা তুলে নেয়া হবে। এই সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করা হবে, গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। এ সময় আসিয়ানের যেকোনো বিশেষ প্রতিনিধির সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত বলেও জানান তিনি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, জান্তা সরকার ও বিরোধীদের মধ্যে আলোচনার জন্য একজন বিশেষ প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছে আসিয়ান। এ জন্য আজ সোমবার বৈঠকে বসছেন জোটটির পররাষ্ট্রমন্ত্রীরা। তার আগের দিনই জান্তা সরকার তাদের অবস্থান স্পষ্ট করে। মিয়ানমারের চলমান জান্তাবিরোধী বিক্ষোভ নিয়ে মিন অং হ্লাইং বলেন, এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। কিছু সন্ত্রাসী হামলা ছাড়া অন্য কোনো সমস্যা নেই দেশে। মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ করা হচ্ছে, সেসব একেবারেই ভিত্তিহীন।
তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে, চলতি বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর থেকে ৯৩৯ জনকে হত্যা করেছে জান্তা বাহিনীর সদস্যরা। এ ছাড়া ৬ হাজার ৯৯০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অসংখ্য বিক্ষোভকারী আহত হয়েছেন জান্তা বাহিনীর গুলিতে।