admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ জুন, ২০২১ ৬:৪৮ অপরাহ্ণ
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরতে ট্রাম্প ফের ভোট যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন! আবারো ক্ষমতায় ফিরতে চান দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তিনি। সিএনএনসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির ভিত্তিহীন অভিযোগ করে আসছেন ট্রাম্প। নাটকীয়তা শেষে হোয়াইট হাউস ছাড়লেও জো বাইডেন প্রশাসনের সমালোচনা করে যাচ্ছেন তিনি।
এখন নির্বাচনী প্রচারণায় ডেমোক্র্যাট শাসনে যুক্তরাষ্ট্রের ‘খারাপ অবস্থা’র চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন রিপাবলিকার দলের ট্রাম্প। সেইসঙ্গে ওহাইও অঙ্গরাজ্যে নিজ দলের যেসব আইনপ্রণেতা তার অভিসংশনের পক্ষে ভোট দেন, তাদের সমালোচনা করছেন তিনি। ক্লিভল্যান্ডে দলীয় প্রার্থী ও আইনপ্রণেতা অ্যান্থনি গঞ্জালেসের বিরুদ্ধে নির্বাচন করছেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা ম্যাক্স মিলার। তার সমর্থনে এক সমাবেশে অংশ নিয়ে অভিশংসনের পক্ষে ভোট দেয়ায় গঞ্জালেসকে কাঠগড়ায় দাঁড় করান ট্রাম্প।
সমাবেশের প্রায় পুরো সময়জুড়ে গত নির্বাচন নিয়ে নানা অভিযোগের কথা বলেন এবং নিজেকে বিজয়ী দাবি করেন ট্রাম্প। বিচারকসহ প্রায় সবাই নির্বাচনে অনিয়মের অভিযোগ নাকচ করলেও তা মানতে নারাজ তিনি। প্রসঙ্গত, গত জানুয়ারিতে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে সহিংসতার ঘটনায় উস্কানি দেয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, বিচারের মুখোমুখিও হতে হয় তাকে। অন্যদিকে, ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করেন জো বাইডেন।