admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২১ ৯:৫১ অপরাহ্ণ
মার্কিন বাহিনী আফগানিস্তানে ঘাঁটি খালি করছে। প্রতিশ্রুতির অংশ হিসেবে মার্কিন বাহিনী আফগানিস্তানে তাদের নিয়ন্ত্রণে থাকা সামরিক ঘাঁটিগুলো খালি করা শুরু করেছে বলে গেছে। বিষয়টি জানিয়েছেন মার্কিন ও ন্যাটো বাহিনীর কমান্ডার জেনারেল স্কট মিলার। যিনি আফগানিস্তানে মোতায়েন জোট বাহিনীর নেতৃত্বে রয়েছেন। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, স্কট মিলার বলেছেন, তাদের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি সামরিক ঘাঁটি খালি করার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এর অংশ হিসেবে ঘাঁটিগুলোতে থাকা বিভিন্ন সরঞ্জামাদি সরিয়ে নেওয়া হচ্ছে।
মার্কিন সেনারা চলে যাওয়ার পর ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ বর্তমান আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সরকারের হাতে চলে যাবে বলেও জানান সামরিক জোট ন্যাটো বাহিনীর কমান্ডার। প্রসঙ্গত, মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে গত বছর আফগান তালেবানদের সঙ্গে চুক্তি করে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। চুক্তি অনুযায়ী আগামী ১ মে’র মধ্যে আফগানিস্তানে অবস্থান করা সমস্ত মার্কিন সেনা প্রত্যাহারের কথা।
তবে আমেরিকায় ক্ষমতার পালাবদল হলে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর বলেন, চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সেনা প্রত্যাহার সম্ভব নয়। এ জন্য তিনি আগামী ১১ সেপ্টেম্বরকে সেনা প্রত্যাহারের ডেডলাইন নির্ধারণ করেন। প্রসঙ্গত, ওই দিন (১১ সেপ্টেম্বর) আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের ২০ বছর পূর্ণ হবে।