admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২১ ৯:০৭ অপরাহ্ণ
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন মিয়ানমার আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অভিযোগ করেছেন যে, মিয়ানমারে সামরিক অভ্যুত্থান পরবর্তী যে ‘ভয়ংকর’ পরিস্থিতি বিরাজ করছে তাতে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। দ্রুত এই সংকট নিরসন করতে হবে এবং সেটা করতে হলে মিয়ানমারের রাজনৈতিক বন্দিদের মুক্তির পাশাপাশি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বার্তা সংস্থা রয়টার্স সূত্রে জানা যায়, দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের বিশেষ সম্মেলনে যোগ দিয়ে বুধবার, ২৭ অক্টোবর, মিয়ানমার ইস্যুতে আলোচনা করতে গিয়ে এসব কথা বলেন তিনি।
হোয়াইট হাউস থেকে ভিডিও লিংকের মাধ্যমে সম্মেলনে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট। তিন দিনব্যাপী আসিয়ানের এ সম্মেলন গত মঙ্গলবার, ২৬ অক্টোবর, শুরু হয়েছে। তবে এতে মিয়ানমারের বিতর্কিত জান্তা সরকারের প্রধানকে আমন্ত্রণ জানানো হয়নি। এ কারণে ক্ষুব্ধ হয়ে দেশটির কোনো প্রতিনিধিও এই সম্মেলনে অংশ নিচ্ছে না। জো বাইডেন এদিন মিয়ানমারে সামরিক অভ্যুত্থান এবং এরপর ছড়িয়ে পড়া ভয়াবহ সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
একই সঙ্গে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্র আসিয়ানের গ্রহণযোগ্যতার প্রতি অঙ্গীকারাবদ্ধ জানিয়ে বাইডেন বলেন, জোট হিসেবে আসিয়ান অত্যন্ত দরকারি। হোয়াইট হাউস থেকে ভিডিও লিংকের মাধ্যমে দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাইওয়ানের সঙ্গে চীন যে আচরণ করছে তা জবরদস্তিমূলক। একই সঙ্গে মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশ এবং তিব্বত ও হংকংয়ে মানুষের অধিকার রক্ষার পক্ষ নিয়েও কথা বলেন বাইডেন।
এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর গণতন্ত্র ও সামুদ্রিক স্বাধীনতা রক্ষায় তাদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন। বলেন, তার দেশ শিগগিরই একটি আঞ্চলিক অর্থনৈতিক কাঠামো তৈরিতে ইন্দো-প্যাসিফিক অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করবে।