admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ মে, ২০২১ ৫:১৪ অপরাহ্ণ
ভারত করোনা মহামারিতে বিপর্যস্ত । প্রায় প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সেই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় দেশটিতে আবারো করোনায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। আজ বুধবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আগের ২৪ ঘণ্টার কোডিড পরিস্থিতি নিয়ে বুলেটিন প্রচার করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, দেশটিতে এবার করোনায় মৃত্যুর ক্ষেত্রে গত ১ মে’র রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ভারতে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৩ হাজার ৭৮৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ১ মে মারা গিয়েছিল ৩ হাজার ৬৮৮ জন। এ নিয়ে ভারতে করোনায় ২ লাখ ২৬ হাজার ১৮৮ জনের মৃত্যু হলো। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৩ লাখ ৮২ হাজার ৩১৫ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। আগের দিনের তুলনায় যা ২৫ হাজার বেশি। এ নিয়ে ভারতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬ লাখ ৬৫ হাজারের বেশি।