admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২১ ২:৫১ অপরাহ্ণ
ভারতে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। সুনামি’র গতিতে প্রতিদিন বাড়ছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। প্রধম ধাপের সর্বোচ্চ সংক্রমণে যা কল্পনাও করা যায়নি, ভাইরাসটির দ্বিতীয় ঢেউয়ে এখন বাস্তবে তাই ঘটছে দেশটিতে। এ নিয়ে দিশেহারা মোদি সরকার। গত ৫ এপ্রিল ভারতে একদিনে শনাক্তের সংখ্যা ছিল ৯৬ হাজার। অবিশ্বাস্য দ্রুততায় বাড়তে বাড়তে মাত্র ১৫ দিনের মাথায় সেটা এখন ৩ লাখ। নানা বিধিনিষেধ আর টিকাদান কর্মসূচি অব্যাহত রেখেও এই গতি রোধ করা যাচ্ছে না। সংক্রমণ এভাবে বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকবে, কেউ জানে না!
বিশ্বব্যাপী জরিপ পরিচালনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গতকাল মঙ্গলবার (২০ এপ্রিল) ভারতজুড়ে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে ২ লাখ ৯৪ হাজার ২৯০ জন। একদিনে কিংবা ২৪ ঘণ্টার মধ্যে এর আগে এত শনাক্ত দেখেনি দেশটি। এই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২ হাজার ২০ জন। দেশটির করোনা সংক্রমণের ইতিহাসে এটাও সর্বোচ্চ রেকর্ড। এর আগে গত বছরের ১৬ জুন ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দ্বিতীয় সর্বোচ্চ ২ হাজার ৬ জন।
এখন পর্যন্ত (বাংলাদেশ সময় ২১ এপ্রিল দুপুর ১২টা) ভারতে সবমিলিয়ে শনাক্ত করা হয়েছে ১ কোটি ৫৬ লাখ ১৬ হাজার ১৩০ জন রোগীকে। মৃত্যুবরণ করেছেন ১ লাখ ৮২ হাজার ৫৭০ জন। আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৩২ লাখ ৭৬ হাজার ৩৯ জন।