admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২১ ১০:১৩ অপরাহ্ণ
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে দৈনিক সংক্রমণ ১ লাখ ৭০ হাজার! বিদ্যুত গতিতে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনাভাইরাস। সপ্তাহখানেক আগেও দেশটির চিকিৎসা সংশ্লিষ্টদের কপালে উদ্বেগের ভাঁজ ফেলে দিয়েছিল ১ লাখ ছুঁয়ে ফেলা দৈনিক সংক্রমণ। তারপর এই কয়েকটা দিনে সংক্রমণ বাড়তে বাড়তে পৌঁছেছে ১ লাখ ৭০ হাজারে। প্রাণঘাতী করোনাভাইরাসের এই দ্বিতীয় আক্রমণে দেশটিতে বেড়েছে মৃত্যুর সংখ্যাও।
বিশ্বব্যাপী জরিপ পরিচালনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গতকাল রোববার (১১ এপ্রিল) ভারতজুড়ে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৯১৪ জন। একদিনে কিংবা ২৪ ঘণ্টার মধ্যে এর আগে এত শনাক্ত দেখেনি দেশটি। এই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৯০৪ জন। এখন পর্যন্ত (বাংলাদেশ সময় ১২ এপ্রিল বেলা ১১টা) ভারতে সবমিলিয়ে শনাক্ত করা হয়েছে ১ কোটি ৩৫ লাখ ২৭ হাজার ৭১৭ জন রোগীকে। মৃত্যুবরণ করেছেন ১ লাখ ৭০ হাজার ২০৯ জন। আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ২১ লাখ ৫৬ হাজার ৫২৯ জন।
এদিকে বিশ্বব্যাপীও আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় (১১ এপ্রিল) বিশ্বজুড়ে মারা গেছেন ৮ হাজার ১০ জন। নতুন করে শনাক্ত করা হয়েছে ৬ লাখ ৩২ হাজার ৫০৯ জন রোগী। মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৩ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার ৩৭ জনে। মৃত্যুবরণ করেছেন ২৯ লাখ ৪৯ হাজার ৩৫৫ জন।