admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২১ ৮:৩০ পূর্বাহ্ণ
ভারতে কোভিড হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ড, নিহত ১০জন। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র তথা আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যের এ ঘটনায় কম পক্ষে ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় আহত আরো একজনের অবস্থা আশঙ্কাজনক। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আহমেদনগরের সিভিল হাসপাতালের আইসিইউতে আজ শনিবার, ৬ নভেম্বর, সকাল ১১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। এতে ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আরো একজন গুরুতর আহত হয়েছেন।

অগ্নিকাণ্ডের সময় হাসপাতালটির ওই করোনা ওয়ার্ডে ১৭ জন রোগী ভর্তি ছিলেন। স্থানীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আহমেদনগরের জেলা কালেক্টর ডা. রাজেন্দ্র ভোসলে। তিনি বলেছেন, ওই হাসপাতালের অবশিষ্ট রোগীদের সরিয়ে অন্য একটি হাসপাতালের করোনা ওয়ার্ডে নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিস বিভাগ ধারণা করছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওর বরাত দিয়ে খবরে বলা হয়েছে, চিকিৎসক ও হাসপাতালের স্টাফরা করোনা ইউনিটের রোগীদের আগুন থেকে উদ্ধারে মরিয়া হয়ে চেষ্টা করেছেন। এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। একই সঙ্গে নিহত প্রত্যেকের পরিবারকে আর্থিকভাবে সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।এ সময় তারা কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হলেও অন্যদের আগুন থেকে বাঁচানো যায়নি।