admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২১ ৯:১৩ পূর্বাহ্ণ
ব্রিটেন বাংলাদেশের বিষয়ে নাগরিকদের সতর্ক করল। বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কায় ভ্রমণের ওপর নিজেদের নাগরিকদের সতর্কতার নির্দেশনা হালনাগাদ করেছে যুক্তরাজ্য। করোনা, নিরাপত্তা ও সুরক্ষা এবং প্রবেশে করণীয়-ট্র্যাভেল এডভাইজারির ক্ষেত্রে নতুন তথ্য সংযোজন করেছে দেশটি। গত ২৫ অক্টোবর বাংলাদেশ বিষয়ক ব্রিটিশ ট্র্যাভেল এডভাইজারিতে এসব হালনাগাদ করা হয়। এই তিনটি সেশনের নিরাপত্তার ক্ষেত্রে বরাবরের মতো সন্ত্রাসী হামলা হতে পারে- এমন সতর্কবার্তা বহাল রাখা হয়েছে। এরইমধ্যে ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেটে বেশ কয়েকটি হামলা হয়।
আগামীতে ধর্মীয় জমায়েত ও রাজনৈতিক সমাবেশ, জনাকীর্ণ এলাকা, নিরাপত্তা বাহিনী ও বিদেশিদের অবস্থানে হামলা হতে পারে। এই সকল স্থানে গতিবিধি নিয়ন্ত্রণ করার পাশাপাশি জমায়েত এড়িয়ে চলার কথা বলা হয়েছে ওই বার্তায়। সেইসঙ্গে ব্রিটিশ নাগরিকদের এদেশে ভ্রমণের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়। ঢাকায় আসার আগে ভ্রমণ বীমা করা এবং তা পর্যাপ্ত কিনা, তা খতিয়ে দেখা আবশ্যক। বীমা করার ক্ষেত্রে দেশটির বিদেশ ও কমনওয়েলথ কার্যালয়ের গাইড লাইন মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে সবশেষ বার্তায়। বছরে গড়ে ১ লাখ ৫০ হাজার ব্রিটিশ নাগরিক বাংলাদেশ ভ্রমণ করে থাকেন।
এ ছাড়া বাংলাদেশে মারাত্মক বায়ুদূষণের কারণে জনস্বাস্থ্য বড় বিপদের সম্মুখীন হয়, বিশেষ করে শীত মৌসুমে। বর্ষা মৌসুমেও এদেশে ভ্রমণ বিপজ্জনক হতে পারে, ভূমিকম্প প্রবণতাও রয়েছে। সারা বছরে ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ, জিকা ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকায় ভ্রমণার্থীদের সতর্ক থাকতে হবে। এ ক্ষেত্রে যুক্তরাজ্য সরকারের সাহায্য জরুরি হয়ে পড়লে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের মাধ্যমে চাইতে হবে। কনস্যুলার সহায়তা সীমিত থাকা জায়গায় একান্ত প্রয়োজন ছাড়া না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।