admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ মে, ২০২১ ১১:৩০ পূর্বাহ্ণ
ব্রাজিলে গোলাগুলির ঘটনায় অন্তত ২৫ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। দেশটির উত্তর রিও ডি জেনিরো শহরের পার্শ্ববর্তী একটি বস্তি এলাকায় মাদক কারবারীদের সঙ্গে এই গোলাগুলি হয়। এতে দুই পুলিশ সদস্যসহ বেশ কিছু আহত হয়েছেন। পুলিশ কর্মকর্তা ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মাদক পাচারকারীরা বস্তি শহরটির হাসারেইজিনহো এলাকায় তাদের দলের পক্ষে কাজ করার জন্য শিশুদের নিয়োগ দিচ্ছে- এমন খবর পাওয়ার পর পুলিশ সাদা পোশাকে সেখানে অভিযানে যায়। এ সময় মাদক কারবারীদের সঙ্গে পুলিশের ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটে।

রিও ডি জেনিরো পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিবৃতি দিয়েছে। এতে তারা জানিয়েছে, এ ঘটনায় আন্দ্রে লিওনার্দো ডি মেলো ফ্রিয়াস নামে তাদের একজন পরিদর্শক নিহত হয়েছেন। তিনি (আন্দ্রে) তার পছন্দের পেশাকে সম্মানিত করেছেন। আমরা তাকে মিস করব- বিবৃতি উল্লেখ করা হয়। পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনায় তাদের তিন সদস্য আহত হন। এর মধ্যে মারা যান আন্দ্রে লিওনার্দো ডি মেলো ফ্রিয়াস।
এদিকে, পুলিশ ও মাদক পাচারকারীদের মধ্যকার এই সংঘর্ষে পড়ে একটি মেট্রো ট্রেনের দুই জন যাত্রী গুলিবিদ্ধ হয়েছেন। তবে তারা প্রাণে বেঁচে গেছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পুলিশ যাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে, তারা চিহ্নিত মাদক কারবারী। মাদক পাচার, ছিনতাই, খুন এবং অপহরণের সঙ্গে জড়িত এই গ্রুপটি। এ ঘটনায় পুলিশ অন্তত ১০ জনকে আটক করেছে।