admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২১ ৮:৪১ পূর্বাহ্ণ
বাংলাদেশ আজ করোনার টিকা বাবদ ৬’শ কোটি দেবে ভারতের সেরামকে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনার টিকা কেনার জন্য ভারতের সেরাম ইন্সটিটিউটের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সরকার। চুক্তি অনুসারে আজ রোববার প্রথম চালানের ৫০ লাখ টিকার দাম দেবে সরকার। এ জন্য ৬০০ কোটি টাকা ব্যাংকে জমা করবে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর বিনিময়ে সেরাম ইন্সটিটিউট বাংলাদেশকে একটা ব্যাংক গ্যারান্টি দেবে।
শনিবার সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন, যুক্তরাজ্য ও ভারতে অক্সফোর্ডের টিকা অনুমোদন দেওয়া হয়েছে। এখন এটি বাংলাদেশ নিয়ে আসতে পারবে। দুই দেশে অনুমোদনের পর বাংলাদেশের আর এখন কোনো বাধা নেই। সরকারের উচ্চপর্যায় থেকে এমনই নির্দেশনা দেওয়া হয়েছে।
আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম আরো বলেন, ওষুধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে গঠিত বিশেষ কমিটি দ্রুতই এ ব্যাপারে অনুমোদন দিয়ে দেবে। এর জন্য প্রয়োজনীয় সব কাগজ প্রস্তুত করা হয়েছে। সেরাম ইনস্টিটিউটের সঙ্গে করা চুক্তির ধারা অনুযায়ী, আগামী জুনের মধ্যে তারা যদি টিকা দিতে না পারে, তাহলে অগ্রিম দেওয়া এই টাকা বাংলাদেশ ফেরত নেবে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।