admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২১ ১০:১১ অপরাহ্ণ
বাংলাদেশে শান্তিতে বসবাস করছে সকল ধর্মের মানুষ। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, তার দেশ অর্থাৎ যুক্তরাজ্য বিশ্বাস করে যে, বাংলাদেশে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছেন। ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। সাভারের আশুলিয়ার কবিরপুরে অবস্থিত বেক্সিমকো পিপিই ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন শেষে আজ রোববার, ২৪ অক্টোবর, সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ডিকসন বলেন, সবসময় ধর্মীয় স্বাধীনতার পক্ষে যুক্তরাজ্য সরকার।

বাংলাদেশে সম্প্রতি হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার ঘটনায় সরকার যে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন, তা সত্যিই প্রসংশার দাবি রাখে। ব্রিটিশ হাইকমিশনার বলেন, যেভাবে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ পাশাপাশি বসবাস করে তা সত্যিই অনেক চমৎকার। যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মের মানুষ একই এলাকায় শান্তিতে বসবাস করছেন। সব ধর্মের মানুষের জন্য শান্তির পরিবেশ গড়ে তুলেছে বাংলাদেশ সরকার। রবার্ট চ্যাটারটন ডিকসন আরো বলেন, বাংলাদেশের শ্রমিকরা অনেক দক্ষ ও পরিশ্রমী। যথাযথ সুযোগ-সুবিধা পেলে তারা আরো ভালো কাজ করতে পারবে।
এ সময় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তৈরিতে বাংলাদেশি প্রতিষ্ঠান বেক্সিমকো পিপিই ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের প্রশংসাও করেন তিনি। ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে এ সময় অন্যান্যের মধ্যে তার স্ত্রী তেরসা অ্যালবর, বেক্সিমকো ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের সিইও নাভিদ হাসানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।