admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ জুলাই, ২০২১ ১২:৩৭ অপরাহ্ণ
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার ডি হাস। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত মনোনীত করা হয়েছে। তার নাম- পিটার ডি হাস। অর্থনীতি ও বাণিজ্য বিশেষজ্ঞ হিসেবে তার খ্যাতি রয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন রাষ্ট্রদূত হিসেবে তার নিয়োগ চূড়ান্ত করেছেন। শিগগিরই বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের উত্তরসূরি হয়ে আসছেন পিটার ডি হাস। গতকাল শুক্রবার (৯ জুলাই) হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের পাশাপাশি ভারত, ফ্রান্স, মোনাকো ও চিলির জন্য রাষ্ট্রদূত মনোনীত করেছেন জো বাইডেন। ভারতে দায়িত্ব পাচ্ছেন লস এঞ্জেলেসের সাবেক মেয়র এরিক গারসেট্টি। বাংলাদেশে দায়িত্ব পেতে যাওয়া পিটার ডি হাস বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক উপ সহকারী মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রদূত হিসেবে কাজ করার অভিজ্ঞতা তার নেই। তবে এক সময় ভারতে যুক্তরাষ্ট্রের মুম্বাই মিশনে কাজ করেছেন তিনি।
বাণিজ্য সংক্রান্ত নানা বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি-নির্ধারণী পর্যায়ে পিটার ডি হাসের মতামতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। যুক্তরাষ্ট্রের উপমিশন প্রধানের দায়িত্ব পালন করেছেন অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টে। লন্ডন স্কুল অব ইকোনমিকস এবং ইলিয়নের ওয়েসলিয়ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন ডি হাস।