admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ মে, ২০২০ ৪:২৪ অপরাহ্ণ
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা আবারো ৭০০ ছাড়িয়েছে । বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত ব্যক্তির সংখ্যা আবারো ৭০০ ছাড়িয়েছে। এনিয়ে বাংলাদেশের গত দুইমাসে মোট আক্রান্তের সংখ্যা ১৩,০০০ ছাড়িয়েছে। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৭০৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫,৯৪১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এনিয়ে মোট ১ লাখ ১১ হাজার ৪৫৪ জনের পরীক্ষা করা হয়েছে।
নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে ২০৬ জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল থেকে ১৯১ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয় বুলেটিনে। সরকারি হিসেব অনুযায়ী সব মিলিয়ে হাসপাতালে মোট সুস্থ হবার সংখ্যা ২ হাজার ১০১ জন। বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সুস্থ হয়েছে রাজশাহী বিভাগের হাসপাতালগুলোতে। এরপর রয়েছে চট্টগ্রাম এবং ঢাকার হাসপাতাল গুলো। যারা মারা গেছে তাদের মধ্যে এক জনের বয়স ৯০ বছর। এছাড়া ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। বাকি চারজনের মধ্যে দুইজনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে এবং দুইজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।