admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২১ ৮:৪০ পূর্বাহ্ণ
ইংলিশ চ্যানেলে মাছ ধরা নিয়ে ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যে তীব্র বিবাদ শুরু হয়েছে। আগে এ নিয়ে কোনো ঝামেলা ছিল না। তবে ব্রেক্সিট তথা ইউরোপীয় ইউনিয়ন, ইইউ, থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পর থেকেই এই টানাপোড়েনের সূত্রপাত। এ অবস্থায় ব্রিটেনের একটি নৌকাকে আটক করেছে ফ্রান্স। এর প্রতিবাদে ফরাসি রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য।
খবরে বলা হচ্ছে, ব্রেক্সিটের পর থেকেই ফ্রান্স, যুক্তরাজ্য এবং দ্বীপ জার্সির মধ্যে ইংলিশ চ্যানেলে মাছ ধরা নিয়ে তীব্র বিতর্ক চলছে। ফরাসি উপকূল থেকে মাত্র ২২ কিলোমিটার দূরে অবস্থিত দ্বীপ জার্সি ব্রিটিশ রাজতন্ত্রের অন্তর্গত। প্যারিসের অভিযোগ, ব্রেক্সিটের নিয়ম মেনে ফরাসি জেলেদের ইংলিশ চ্যানেলে মাছ ধরার অনুমতি দিচ্ছে না যুক্তরাজ্য।

ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যে ইংলিশ চ্যানেলে মাছ ধরা নিয়ে তীব্র বিবাদ।
আবার লন্ডন অভিযোগ করেছে, এক্ষেত্রে ক্ষমতা প্রদর্শন করছে ফ্রান্সও। বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, যুক্তরাজ্যের একটি মাছ ধরার নৌকাকে ইংলিশ চ্যানেল থেকে আটক করেছে ফ্রান্স। যদিও ফ্রান্স বলছে, নিয়ম না মেনে নৌকাটি তাদের জলসীমায় প্রবেশ করেছিল। এ ঘটনার পরই ফরাসি রাষ্ট্রদূতকে তলব করে যুক্তরাজ্য প্রশাসন।
ডয়চে ভেলের এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি লিজ ট্রাস বৃহস্পতিবার বলেছেন, ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছেন তাদের ইউরোপ বিষয়ক মন্ত্রী ওয়েন্ডি মর্টন। ইংলিশ চ্যানেল অঞ্চলে যুক্তরাজ্য এবং চ্যানেল দ্বীপগুলির সঙ্গে ফ্রান্স যে আচরণ করছে, মূলত সেসব বিষয় নিয়ে কথা বলার জন্যই তাকে ডেকে পাঠানো হয়েছে। এ সময় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সের আচরণকে অত্যন্ত হতাশাজনক বলেও মন্তব্য করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ইংলিশ চ্যানেলে মাছ ধরা নিয়ে ব্রেক্সিটের আগে যুক্তরাজ্য, চ্যানেল আইল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে এ রকম দ্বন্দ্ব ছিল না। তবে যুক্তরাজ্য ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পরই সেখানকার পরিস্থিতি পাল্টাতে থাকে। কূটনীতিকরা মনে করছেন, ফ্রান্স যুক্তরাজ্যের নৌকা আটক করার মাধ্যমে এই উত্তেজনা ভিন্ন মাত্রায় পৌঁছে গেছে।