admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ মে, ২০২১ ৮:৩৪ অপরাহ্ণ
ফিলিস্তিন ইস্যুতে মুখ খুললো ভারত, ইমরান-মাহাথির ফোনালাপ। নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত আছে। সঙ্কট নিরসনে মুখ খুলতে শুরু করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। গতকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক থেকে কোনো সিদ্ধান্ত না আসলেও আলাদা করে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে কয়েকটি সদস্য রাষ্ট্র। এতদিন চুপ থাকার পর মুখ খুলেছে ভারতও। জাতিসংঘে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত টিএস তিরুমূর্তি বলেছেন, ভারত কোনো ধরনের সংঘাতের পক্ষে নয়। অতি দ্রুত এই যুদ্ধ বন্ধ করতে হবে। ফিলিস্তিনের ন্যায্য দাবি মেনে নিতে হবে। আমরা মনে করি, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র পথ, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে।
ওদিকে, একই ইস্যুতে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মধ্যে। তারা দুজনেই ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা ঘোষণা করেছেন এবং ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছেন।
প্রসঙ্গত, গত সোমবার (১০ মে) শুরু হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা। আজ (১৭ মে) পর্যন্ত নিহতের সংখ্যা ২০০ অতিক্রম করেছে। নিহতদের মধ্যে ৫৫ জনই শিশু, ৩২ জন নারী। এ অবস্থায় ইসরায়েলি হামলার সাধ্যমতো পাল্টা জবাব দিচ্ছে ফিলিস্তিনের হামাস ও অন্যান্য প্রতিরোধ সংগঠনগুলো।