admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:২৬ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ প্রেস রিলিজ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গত ১৫/১২/২০২২ইং তারিখে পাবনা জেলার সদর থানাধীন মধ্য জামুয়া শেখপাড়া এলাকায় প্রেমের ঘটনাকে কেন্দ্র করে প্রেমিকার পিতাকে হত্যা মামলার প্রধান আসামী ও মূল পরিকল্পনাকারী দিনাজপুর জেলার সেতাবগঞ্জ হতে ঢাকা গামী বাস যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সিআইডি, বাংলাদেশ পুলিশ পাবনা কর্তৃক অধিযাচন পত্রের প্রেক্ষিতে ১৬ ফেব্রয়ারী ২০২৩ খ্রিঃ তারিখ সকাল ০৯.৫০ ঘটিকায় দিনাজপুর জেলার সদর থানাধীন এম আব্দুর রহিম মেডিকেল এর মোড় এলাকায় চেকপোস্টের মাধ্যমে তল্লাশি করে উক্ত ঢাকা গামী যাত্রীবাহী বাস হতে মূলহোতা মোঃ অনিক শেখ(২৪), পিতা- মোঃ ইয়াজুদ্দিন শেখ, সাং- মধ্য জামুয়া শেখপাড়া, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনাকে গ্রেফতার করে।
উল্লেখ্য যে, উক্ত আসামী বেশ কিছুদিন ধরে জনৈকা শাম্মি আক্তার(২০), পিতা- মৃত ফরিদ মোল্লা, সাং- ভাড়ারা মধ্য জামুয়া ভদ্র পাড়া, থানা ও জেলা- পাবনাকে প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করা সহ বিবাহ করার প্রস্তাব দিয়ে আসছিল। শাম্মি আক্তার(২০) এর পরিবার এতে রাজি না হয়ে তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়। ফলে উক্ত গ্রেফতারকৃত আসামী সহ তার সহযোগী আসামীরা ক্ষিপ্ত হয়ে গত ১৫/১২/২০২২ ইং তারিখ রাত অনুমান ০৮.৩০ ঘটিকার সময় বর্নিত জনৈকার পিতা মোঃ ফরিদ মোল্লা স্থানীয় একটি মসজিদ হতে এশার নামাজ আদায় করে বাড়ী ফেরার পথিমধ্যে পূর্বপরিকল্পিত ভাবে তাকে আটক করে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা নিশ্চিত করে। উক্ত ঘটনাটি স্থানীয়ভাবে ও বিভিন্ন মিডিয়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। বর্নিত ঘটনার বিষয়ে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে উক্ত ঘটনায় তার সম্পৃক্ত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করে এবং বর্ণিত হত্যাকান্ডের পর সে দিনাজপুর জেলার সেতাবগঞ্জে পালিয়ে আসে। ইতিমধ্যে উক্ত স্থানে অবস্থান করা তার জন্য নিরাপদ নয় মনে করে সে গ্রেফতার এড়ানোর লক্ষ্যে অদ্য দিনাজপুর জেলা হতে ঢাকার উদ্দেশ্যে অবস্থান পরিবর্তন করছিলো মর্মে জানায়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে বর্ণিত হত্যা কান্ডের ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। ধৃত আসামীকে পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন।