admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২১ ১১:২৫ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রী জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ২০ সেপ্টেম্বর ভোরে জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট। এ সময় সেখানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমাসহ অন্যান্য কর্মকর্তারা। তাদের সঙ্গে কুশল বিনিময় করে প্রধানমন্ত্রী চলে যান লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে।
সফরসূচি অনুযায়ী, বাংলাদেশের সরকার প্রধান ও তার সফরসঙ্গীরা নিউইয়র্কে অবস্থান করবেন ১৯-২৪ সেপ্টেম্বর পর্যন্ত। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। নিউইয়র্ক থেকে সরকারি সফর শেষে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি সফর করবেন প্রধানমন্ত্রী। সেখানে ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন। ৩০ সেপ্টেম্বর ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন। ফিনল্যান্ডে যাত্রা বিরতি শেষে আগামী ১ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবের কারণে প্রায় দুই বছর পর প্রথমবারের মতো বিদেশ গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গত বছর জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনে যোগ দেয়া হয়নি তার। অবশ্য সেই অধিবেশন ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, এ পর্যন্ত জাতিসংঘে ১৭ বার ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে ১৮ বারের মতো বৈশ্বিক এ সংস্থাটির অধিবেশনে ভাষণ দেবেন তিনি।