admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২১ ৬:২৬ অপরাহ্ণ
পুরনো বন্ধুত্ব মেরামত করে এবার একজোট হয়েছে ইরান ও উত্তর কোরিয়া। দেশ দুটি একযোগে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর চিন্তা-ভাবনা করছে। এনডিটিভি জানায়, পরমাণু অস্ত্র বহনে সক্ষম মাঝারি থেকে দূরপাল্লার ক্ষেপনাস্ত্র তৈরির পরিকল্পনা নিয়েছে উত্তর কোরিয়া। এক্ষেত্রে নতুন প্রযুক্তি আনতে যাচ্ছে দেশটি।
এই প্রকল্পে গত বছর বেশ কয়েকটি দেশের সহায়তা চেয়ে বার্তা দিয়েছে পিয়ংইয়ং। এ বছর তাতে সাড়া দিতে যাচ্ছে ইরানসহ কয়েকটি দেশ। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেয়া হয়নি। বলা হচ্ছে, তেহরান আগেই উত্তর কোরিয়ার সঙ্গে কাজের ব্যাপারে আগ্রহ দেখিয়ে আসছে। এবার তাতে সিলমোহর দিয়েছে পিয়ংইয়ং। এর ফলে ক্ষেপণাস্ত্র তৈরির সরঞ্জাম, ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ধরনের সহায়তা পাবে ইরান।
এর বিপরীতে ইরান থেকে প্রায় ৫ লাখ ব্যারল তেল আমদানি করার কথা জানিয়েছে উত্তর কোরিয়া। এ নিয়ে দুই দেশের মধ্যে জোর আলোচনা চলছে। এদিকে, কিম জং উনের এমন পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তা উপেক্ষা করে চীন-রাশিয়ার সমর্থন নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি।