admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২১ ১১:৪৭ অপরাহ্ণ
পাকিস্তান ও চীনের বৈঠক ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে। রাজধানী ইসলামাবাদে আফগানিস্তানে তালেবানের শাসন নিয়ে ‘ট্রয়কা প্লাস’ শীর্ষক সম্মেলনের আয়োজন করেছে প্রতিবেশী পাকিস্তান। এর বিপরীতে আফগান নিরাপত্তা নিয়ে নয়াদিল্লিতে বৈঠক করেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। দিল্লিতে আমন্ত্রণ জানানো হলেও শিডিউল সমস্যা দেখিয়ে তা এড়িয়ে যায় চীন। তবে ইসলামাবাদ বৈঠকে ঠিকই যোগ দিয়েছে বেইজিং। পাকিস্তানের বৈঠকে তালেবান ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়ার সঙ্গে এক টেবিলে বসেছে চীন।
এতে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বে তালেবানের একটি প্রতিনিধিদল যোগ দিয়েছেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানান, আফগানিস্তানের স্থিতিশীলতার জন্য ট্রয়কা প্লাস সম্মেলনের প্রতি সমর্থন জানিয়েছে চীন। তালেবান ইস্যুতে বৃহত্তর মতৈক্য গড়ে তোলার সকল প্রচেষ্টায় সমর্থন দেবে তার দেশ। সম্মেলনে পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি ও দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঈদ ইউসুফ সভাপতিত্ব করছেন।
বৈঠকের শুরুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে হুঁশিয়ার করে কোরেশি বলেন, অসহযোগিতা করলে আফগান অর্থনীতি ধসে পড়তে পারে। এদিকে, হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতের আমন্ত্রণ সরাসরি নাকচ করে দিয়েছে চীন। লাদাখ সীমান্তে দুই দেশের সেনাদের মুখোমুখি অবস্থান নেয়ায় খুব খারাপ সম্পর্কের মধ্যে এমনটি ঘটলো। সে জন্য আফগান ইস্যুতে ভারতের বদলে পাকিস্তানকে বেছে নিয়েছে চীন। কৌশলগত কারণে তালেবান সরকারের সাথে সুসম্পর্ক রয়েছে ইসলামাবাদ-বেইজিংয়ের।
এর আগে গত সেপ্টেম্বরে চীনা একজন বিশেষ দূত রাশিয়া ও পাকিস্তানের দুই দূতকে নিয়ে কাবুল সফল করেছেন। সে সময় তালেবানের অন্তর্বর্তী সরকারের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন তারা। অক্টোবরে ত্রিদেশীয় দূতেরা মস্কোতে ফের আলোচনায় বসেন।