admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২০ ৬:৩০ অপরাহ্ণ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্পিডবোট ডুবে নিখোঁজ ৫ জনের মরদেহ উদ্ধার। এর মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন। এর আগে উপজেলার আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবে তারা নিখোঁজ হন।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, রাঙ্গাবালী উপজেলার রামনাবাদ নদীতে রাতভর অভিযান চালিয়ে দুই জন এবং গলাচিপার উলানিয়া বাজারের তেঁতুলিয়া নদী থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে তীব্র স্রোতে তলা ফেটে যাওয়ায় ১৮ জন যাত্রী নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় স্পিডবোটটি ডু্বে যায়। এ সময় ১৩ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে এক পুলিশ সদস্যসহ পাঁচ যাত্রী নিখোঁজ ছিলেন। পরে তাদের সবার মরদেহ উদ্ধার করা হলো।
যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন রাঙ্গাবালী থানার পুলিশ কনস্টেবল মহিব্বুল্লা (৪৫), কৃষি ব্যাংক রাঙ্গাবালী বাহেরচর শাখার পরিদর্শক মোস্তাফিজুর রহমান (৩৫), বেসরকারি সংস্থা আশার রাঙ্গাবালী খালগোড়া শাখার ঋণ অফিসার মো. কবির (৩০), বাউফল উপজেলার কনকদিয়া গ্রামের ইমরান (২৫) এবং গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের হাসান (২৫)। ওসি আলী আহম্মদ জানান, আজ শনিবার সকালে মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।