এনামুল হক, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ
শ্রমিকদের অধিকার, মর্যাদা ও ঐক্য প্রতিষ্ঠার প্রত্যয়ে নতুন কমিটির পথচলা শুরু। নওগাঁর সাপাহারে উৎসাহ-উদ্দীপনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান লাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান।
সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি তাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান।অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণশিল্পের অগ্রযাত্রায় ইমারত নির্মাণ শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেদের শ্রম, দক্ষতা ও ঘামের বিনিময়ে শ্রমিকেরা গড়ে তুলছেন আবাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা।
অথচ অনেক ক্ষেত্রেই তাঁদের শ্রমের যথাযথ মূল্যায়ন, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত হয় না। এ অবস্থার পরিবর্তনে একটি শক্তিশালী, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ শ্রমিক সংগঠনের প্রয়োজনীয়তা অপরিসীম। প্রধান অতিথির বক্তব্যে সারোয়ার জাহান লাবু শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, শ্রমজীবী মানুষের সম্মান ও অধিকার রক্ষায় সবাইকে আন্তরিক হতে হবে। শ্রমিকেরা সমাজ ও দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। তাঁদের ন্যায্য অধিকার, কর্মপরিবেশ ও জীবনমান উন্নয়নে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বিশেষ অতিথি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ইমারত নির্মাণ শ্রমিকেরা তাঁদের কঠোর পরিশ্রমের মাধ্যমে সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। শ্রমিকদের পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে সংগঠনের মাধ্যমে নিজেদের সমস্যা তুলে ধরতে হবে। পাশাপাশি শ্রমিকদের বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে তাইফুর রহমান বলেন, ইমারত নির্মাণ শ্রমিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করাই সংগঠনের অন্যতম লক্ষ্য। শ্রমিকদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং তাঁদের ন্যায্য দাবি আদায়ে সংগঠনটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। এ জন্য তিনি সংগঠনের সব সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের সঞ্চালক ছাদেকুল ইসলাম সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে সকল শ্রমিককে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সংগঠনের শক্তি হলো সদস্যদের ঐক্য ও পারস্পরিক আস্থা। তাই ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে শ্রমিকদের সম্মিলিত স্বার্থে সবাইকে কাজ করতে হবে।
শপথ গ্রহণ ও পরিচিতি সভার মধ্য দিয়ে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়। উপস্থিত শ্রমিকেরা সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ গণমাধ্যম কর্মী এবং ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।