তহমিনা বেগম,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ
দিনাজপুর সদরে নির্মাণাধীন সেতুর নৈশপ্রহরী টিটু মিয়া (৩৬) কে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) ভোর সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ঢাকাইয়া পট্টি লাইনপাড় এলাকায় রেললাইনের পাশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং রক্তাক্ত অবস্থায় টিটুর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে,জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহত টিটু রেললাইনের পাশে নির্মাণাধীন সেতু প্রকল্পে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। নিহতের মা অভিযোগ করে বলেন, “আমার ছেলে সৎভাবে পাহারার কাজ করত। গত কয়েকদিন ধরে এলাকার কিছু চিহ্নিত মাদক কারবারি ও দুর্বৃত্ত সেতুর লোহা-সহ নির্মাণ সামগ্রী চুরির চেষ্টা করছিল। আমার ছেলে বাধা দেওয়ায় তাদের সাথে শত্রুতা তৈরি হয়।
তিনি আরও বলেন, মাদক কারবারে বাধা ও চুরি ঠেকাতে যাওয়াই তার ছেলের জন্য কাল হয়েছে। ভোররাতে একা পেয়ে দুর্বৃত্তরা তার পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে।
তার অভিযোগ, ঢাকাইয়াপট্টি লাইনপাড় এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক কারবার চলছে। সন্ধ্যার পর ওই এলাকায় সাধারণ মানুষের চলাচলও ঝুঁকিপূর্ণ। প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ মা ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।