ডা:নুরুল হক,বিরামপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ
দিনাজপুরের বিরামপুরে শীতের আগমনী বার্তায় সকালর হালকা কুয়াশা ও ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। শরতের বিদায়ের হালকা কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। ভোরের হালকা কুয়াশা, শিশির ভেজানো ঘাসের ডগা আর ঠান্ডা বাতাস জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের । দিনের বেলায় রোদের তীব্রতা, সন্ধ্যায় ও ভোরে অনুভূত হচ্ছে শীতের আমেজ। ঋতু পরিবর্তনের সাথে সাথে উপজেলাজুড়ে বেড়েছে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ফার্মেসি সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ১৫০-২০০ রোগী সর্দি-কাশির চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় চিকিৎসকরা জানান, দিনে গরম ও রাতে ঠান্ডা, এই আবহাওয়া পরিবর্তনের কারণে ভাইরাস জ্বর ছড়াচ্ছে। কুয়াশার কারণে এই সমস্যা আরও বাড়ছে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন,”আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটি সিজনাল ফ্লু। পর্যাপ্ত গরম পানি পান, মাস্ক ব্যবহার ও ঠান্ডা এড়িয়ে চলতে হবে। জ্বর তিন দিনের বেশি স্থায়ী হলে দ্রুত হাসপাতালে আসতে হবে।
এদিকে সচেতন মহল শিশুদের সকাল-সন্ধ্যায় গরম কাপড় পরানো পরামর্শ দিয়েছেন।