admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২১ ১২:০৫ পূর্বাহ্ণ
ট্রাম্পকে পেছনে ফেললেন বাইডেন মাত্র এক সপ্তাহে। গত বছরের নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের মধ্য দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছিলেন জো বাইডেন। আর সর্বশেষ গত ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করার পর থেকে এখন অবধি একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছেন। এরই মধ্যে মাত্র এক সপ্তাহের ব্যবধানে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে দিয়েছেন।
সম্প্রতি মনমাউথ বিশ্ববিদ্যালয় একটি সমীক্ষার আয়োজন করে। সেখানে দেখা গেছে, প্রায় ৫৪ শতাংশ মানুষ জো বাইডেনকে কাজের মানুষ হিসেবে ধরে নিয়েছেন। অথচ পুরো শাসনামলে ৪০ শতাংশের বেশি উঠতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। এমনকি প্রেসিডেন্সির শেষ দিকে এ হার ৩০ শতাংশে নেমে এসেছিল। যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন।মর্নিং কনসালটেন্ট এবং হিল হারিক্স নামক দুটি সংস্থাও এ নিয়ে সমীক্ষা চালিয়েছে। তাদের সমীক্ষায় জো বাইডেন ৬০ শতাংশের বেশি ভোট পেয়েছেন।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পুরো মেয়াদকালে বিভিন্ন কাজের মাধ্যমে নানা বিতর্কের জন্ম দিয়েছিলেন। বিশেষ করে আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব বাড়তে থাকে। তার শাসনামলেই বর্ণ ও জাতিগতবিদ্বেষ, বেকারত্ব, দুর্ভোগ চরম আকার ধারণ করে। মেয়াদের শেষ দিকে এসে একেবারেই জনবিচ্ছিন্ন হয়ে গেছেন। আবার করোনা মহামারিতে বিশ্বের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। এর জন্য অধিকাংশ ক্ষেত্রেই ট্রাম্পকে দায়ী করেন দেশটির জনগণ।
ফলে ক্ষমতা গ্রহণের পর কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েন জো বাইডেন। তবে এখন অবধি সেই চ্যালেঞ্জ বেশ ভালোভাবেই মোকাবেলা করছেন তিনি। ইতোমধ্যে ট্রাম্প প্রশাসনের নেয়া অনেক বিতর্কিত নীতি বাতিল করেছেন। নিজের প্রশাসনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল গোত্রের প্রতিনিধিদের ঠাঁই দিয়েছেন। গঠন করেছেন করোনা টাস্কফোর্স। সবমিলিয়ে টানা দুই মেয়াদে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট থাকার অভিজ্ঞতাকে বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন নতুন প্রেসিডেন্ট। বিশ্বও আশাবাদী, এবার পরিবর্তন হবে।