admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২১ ৮:০৩ অপরাহ্ণ
চীনে করোনা পরীক্ষার ফলের জন্য সারারাত স্কুলে শিক্ষার্থীরা। স্কুলের এক স্টাফের করোনা শনাক্ত হয়েছে, এ কথা জানার পরপরই স্কুলের সকল শিক্ষার্থীর করোনা টেস্টের উদ্যোগ নেওয়া হয়। শুধু তাই নয়, সেই টেস্টের ফলাফল জানার জন্য শিক্ষার্থীদের সারারাত স্কুলেই থাকতে হয়। এমন ঘটনা ঘটেছে চীনের একটি প্রাথমিক বিদ্যালয়ে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম এমন প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, করোনা টেস্টের ফলাফল না পাওয়া পর্যন্ত চীনের প্রাথমিক বিদ্যালয়টি শিক্ষার্থীদের আটকে রাখে। প্রতিবেদনটি আজ বুধবার প্রকাশ করা হয়। খবরে বলা হয়েছে, বিদ্যালয়টির এক কর্মীর করোনা শনাক্ত হওয়ার পর কর্তৃপক্ষ স্কুলটির সব শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মীদের করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেয়।

একই সঙ্গে পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত কোনো শিক্ষার্থীদের স্কুল ছাড়তে দেওয়া হয়নি। শিক্ষার্থীরা যখন করোনা টেস্টের ফলাফলের জন্য ভেতরে বসে, তখন অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে বাইরে অপেক্ষা করছিলেন। জানা যায়, স্কুলের অধ্যক্ষ পরে স্থানীয় সময় মধ্যরাতে অভিভাবকদের জানিয়ে দেন যে, কিছু শিশুকে কোয়ারেন্টাইনে যেতে হবে। তাই সারারাত তাদের স্কুলেই কাটাতে হবে। ফলাফল পেলে পরদিন তাদের ছেড়ে দেওয়া হবে।
তবে ওই সময় ঠিক কতজন শিক্ষার্থী স্কুলের ভেতর ছিল তা নিশ্চিত করে বলতে পারেনি সংবাদ মাধ্যমগুলো। অবশ্য নিউ ট্যাং ডাইনেস্টি টেলিভিশন আউটলেটের প্রতিবেদন মতে, বিদ্যালয়টির ৩৫ শিক্ষার্থীকে কোয়ারেন্টাইনে নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে স্কুলটি।