admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২১ ১০:১৩ অপরাহ্ণ
চীনের মোকাবেলায় একজোট হয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া। এ চার দেশীয় জোট যৌথ সম্মেলন করে গতকাল শুক্রবার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকে ফোরাম দ্য কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগের (কোয়াড) এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল বৈঠকে চীনের মোকাবেলায় ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ঘনিষ্ঠ হওয়ার আহ্বান জানান বাইডেন। কোয়াড সম্মেলনে সিদ্ধান্ত নেয়া হয়, আগামী বছরে বাড়তি ১০০ কোটি ডোজ করোনার টিকা ভারতে তৈরি করা হবে।
সম্প্রতি প্রতিবেশী পাকিস্তান, জিম্বাবুয়ে ও ডমিনিকান রিপাবলিকে টিকা সরবরাহ করে চীন। এর পরই চার দেশীয় এমন পদক্ষেপের প্রতিবাদে জোচ্চার হয় বেইজিং। চীনা কর্তৃপক্ষের এক বিবৃতিতে আজ শনিবার বলা হয়, ফের শীতলযুদ্ধের সময়ের বিষাক্ত মানসিকতা স্মরণ করিয়ে দিয়েছে কোয়াড সম্মেলন।
এ পদক্ষেপকে চীন-বিরোধী ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে দেশটি বলছে, এই ষড়যন্ত্রের হোতা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কেননা, এক দশক আগে প্রতিষ্ঠা পেলেও শীর্ষ বৈঠক এটিই প্রথম। সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে প্রতিবেশী কোয়াডভুক্ত ৪ দেশের। এর মধ্যে ভারতের সঙ্গে সীমান্তে চীনা বাহিনীর কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটে।