admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২১ ১০:০২ অপরাহ্ণ
কাস্টমস কমিশনার হোসাইন আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার বিকেলে তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণের কমিশনার এস এম হুমায়ুন কবীর।
মৃত্যুকালে হোসাইন আহমেদ স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন বলেও জানান তিনি। বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ১৫ তম ব্যাচের কর্মকর্তা ছিলেন হোসাইন আহমেদ। সহকারী কমিশনার হিসেবে ১৯৯৫ সালের ১৫ নভেম্বর তিনি চাকরিতে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে এমএসএস ডিগ্রি লাভ করেন ১৯৬৭ সালের ১৫ মার্চ রাজবাড়ীতে জন্মগ্রহণ করা হোসাইন আহমেদ।
প্রসঙ্গত, করোনাকালে দায়িত্ব পালন করতে গিয়ে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের প্রায় ৫ শতাধিক কর্মকর্তা-কর্মচারী ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৭ জন।